জবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ২১ জুলাই , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল শেখ হাসিনার ১৭ বছরের শাসনামলে সংগঠিত ছাত্রলীগ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারসহ ৯ দফা দাবি জানিয়েছে। রোববার (২০ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বরাবর স্মারকলিপি দিয়ে এই দাবি তুলে ধরে সংগঠনটি।
দাবিগুলোর মধ্যে রয়েছে—নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের মদদদাতা শিক্ষক-কর্মকর্তাদের বিচার নিশ্চিত করা, বৈষম্যমূলক শাস্তি প্রত্যাহার, সাজিদ ভবনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পেছনের ষড়যন্ত্র তদন্ত, বিচার প্রক্রিয়ায় অনৈতিক হস্তক্ষেপ রোধ এবং নিরপরাধদের দায়মুক্তি প্রদান।
ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শাস্তি প্রদান করা হয়েছে, যা অন্যায়। তারা দাবি করেন, ভিসি ভবনে তালা দেওয়া ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করে বিচার প্রভাবিত করা হয়েছে। এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
তারা আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের ভুল তথ্য দিয়ে ব্যবহার করা হচ্ছে, শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এসব ঘটনার পেছনের রাজনীতি ও ষড়যন্ত্র তদন্ত করে দোষীদের শাস্তি চায় সংগঠনটি।
জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, “নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার চাই, কোনো আপস নয়।” আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “নিরপরাধ কেউ যেন দোষী না হয়, সে বিবেচনায় জুলাই-আগস্ট আন্দোলনে অংশ নেওয়া নিরপরাধদের দায়মুক্তি চাই।”
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, “আমরা শুধু তাদেরই বিচার দাবী করি, যাদের দ্বারা বিরোধী মতের শিক্ষার্থীরা নানান সময় নির্যাতনের শিকার হয়েছে।তাদের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।”
স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুমন সরদার,মোস্তাফিজুর রহমান রুমিসহ জবি ছাত্রদলের শীর্ষ নেতারা।