জবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৭ এপ্রিল , ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের রোডম্যাপ প্রকাশসহ প্রশাসনের কাছে ৮ দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় এক যৌথ সংবাদ সম্মেলনে দাবিগুলো উত্থাপন করেন সংগঠন দুটির নেতারা।
সংবাদ সম্মেলন যৌথভাবে লিখিত বক্তব্য পাঠ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নওশীন নাওয়ার জয়া এবং কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক কিশোর সাম্য।
লিখিত বক্তব্যে তারা ৮ দফা দাবি তুলে ধরেন। একই সাথে দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন না করলে তীব্র আন্দোলন গড়ে তোলার কথা বলেন।
নওশীন জয়া বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ৫ আগস্ট থেকে শিক্ষার্থীবান্ধব ন্যায়সঙ্গত দাবি উত্থাপন করে আসছে। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোন দৃশ্যমাণ অগ্রগতি লক্ষ্য করা যায়নি। এ প্রেক্ষিতে আমরা গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করছি।"
৮ দফা দাবিগুলো হচ্ছে- ফ্যাসিস্ট হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচারের আওতায় আনা। আহত শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ফি মওকুফ। গত ১৫ বছরে সকল নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছ তদন্ত ও প্রতিবেদন প্রকাশ। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন ও অগ্রগতির প্রকাশ। ২০ কার্যদিবসের মধ্যে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ। শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, আবাসন বৃত্তি প্রদান ও আনুপাতিক বাজেট বরাদ্দকরণ। সমাবর্তন আয়েজন এবং তিন কর্মদিবসের মধ্যে জকসুর নিতীমালা ও নির্বাচনী রোডম্যাপ প্রকাশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মাসুদ রানা, সদস্য সচিব সিফাত হাসান সাকিবসহ বৈষম্যবিরোধী ও কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতাকর্মীরা।