কুবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ১৯ এপ্রিল , ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে তিনটি তথ্যকেন্দ্র খুলেছে শাখা ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (১৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বাম পাশে মোট তিনটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়। জুলাই-বিপ্লবের শহিদদের নামানুসারে কেন্দ্রগুলোর নামকরণ করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আব্দুল কাইয়ুমের নাম অনুসারে শহিদ আব্দুল কাইয়ূম তথ্যকেন্দ্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের নাম অনুসারে শহিদ আবু সাঈদ তথ্যকেন্দ্র এবং চট্টগ্রাম শিক্ষার্থী শহিদ ওয়াসিমের নামে শহিদ ওয়াসিম তথ্যকেন্দ্র।
রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, পরীক্ষার জন্য ইতোমধ্যেই প্রস্তুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কুমিল্লা শহরের ৩০টি কেন্দ্র।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০–১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আগামী ৩ মে সকাল ১০–১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং ৩–৪ টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, “ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য ও দিকনির্দেশনার প্রয়োজনীয়তা বিবেচনায় আমরা জুলাই গণ-অভ্যুত্থানের 'শহিদদের নামে তথ্যকেন্দ্র' চালু করেছি। এ ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা করতে পারা আমাদের জন্য গৌরবের বিষয়।”