প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১২ জুলাই , ২০২৫
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক অফিসের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।
সায়মা ওয়াজেদ পুতুল ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে।
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) পুতুলের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দুটি মামলা দায়ের করার ৪ মাস পর এ সিদ্ধান্ত নিল ডব্লিউএইচও।
হেলথ পলিসি ওয়াচ–এর এক প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচও মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়েসুস সংস্থার অভ্যন্তরীণ এক সংক্ষিপ্ত ইমেইলে জানান, সায়মা ওয়াজেদ পুতুল তাৎক্ষণিকভাবে ছুটিতে যাচ্ছেন। তার অনুপস্থিতিতে সহকারী মহাপরিচালক ড. ক্যাথারিনা বোহম সিয়ারোর ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন।
দুদক চলতি বছরের জানুয়ারিতে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং মার্চ মাসে দুটি মামলা দায়ের করে। মামলায় পুতুলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ নিয়ে।
দুদকের উপপরিচালক আখতারুল ইসলাম জানান, পুতুল তার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত মিথ্যা তথ্য দিয়েছেন। এ ধরনের তথ্য বিকৃতি বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ এবং ৪৭১ ধারার আওতায় জালিয়াতি ও জাল নথি ব্যবহারের শামিল।
এছাড়া পেশাগত পরিচয়ের ক্ষেত্রেও পুতুল মিথ্যাচার করেছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক কোনো পদে ছিলেন বলে দাবি করেন, যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অস্বীকার করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ পদ পেতেেই নিজের যোগ্যতা বাড়ানোর জন্য এই ভুল উপস্থাপনা করেন।