চবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ১ মার্চ , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শনিবার (১মার্চ ) শুরু। প্রথম দিনে ‘এ’ ইউনিটের পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে বেলা ১টায় শেষ।
চবিতে চারটি ইউনিট ও তিনটি উপ-ইউনিট মিলিয়ে এবার ভর্তি পরীক্ষায় বসবেন ২ লাখ ৭১ হাজার ২৩৯ জন শিক্ষার্থী। এর আগে কখনো এত শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেননি। সেই হিসাবে এ বছর রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী নিয়ে শুরু হচ্ছে ভর্তি পরীক্ষা।
গত বছরের মতো এ বছরও ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। তবে আসনের সংখ্যার পরিবর্তন এসেছে।
গত বছর ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন নেওয়া হলেও এবার ৪ হাজার ৫৮৪টি আসনের বিপরীতে পরীক্ষা হবে।
আগামি ৮ মার্চ ‘বি’ ইউনিট, ১৫ মার্চ ‘সি’ ইউনিট ও ২২ মার্চ ‘ডি’ ইউনিটের পরীক্ষা হবে। ১০ মার্চ ‘বি-১’ ও ১১ মার্চ ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা হবে। আর ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা হবে ২৪ মার্চ।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ আল-আমিন বলেন, চট্টগ্রাম ছাড়াও ঢাকা ও রাজশাহী—এই দুই কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। ২ লাখ ৭১ হাজার ২৪০ জন পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবেন ৮৭ হাজার ৮৯৬ জন। বাকি পরীক্ষার্থীরা অন্য দুই কেন্দ্রে দেবেন।