প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দিনব্যাপী ‘এডুকেশন ইউএসএ স্প্রিং ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে যাতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ১৪টি বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস আয়োজিত এই মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য ও সেবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয়।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মেলার উদ্বোধন করেন। ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ঢাকায় মার্কিন দূতাবাসের ডিরেক্টর ফর পাবলিক এনগেইজমেন্ট মি. স্কট হার্টম্যান এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক স্থাপন এবং যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম চালুর ক্ষেত্রেও এই ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।”
মেলায় যুক্তরাষ্ট্রের ১৪টি বিশ্ববিদ্যালয়ের স্টল স্থান পায়। এসব স্টলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও স্কলারশিপসহ বিভিন্ন তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
এছাড়া মেলা উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের ভিসা প্রসেসিং এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন প্রক্রিয়া ও বৃত্তি সংক্রান্ত একটি সেমিনার অনুষ্ঠিত হয়।