প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ৩ মে , ২০২৫
চিকিৎসা শেষে চার মাস পর সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে আসছেন তারই দুই পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান ও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, ৪ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি উড্ডয়ন করবে। ফ্লাইটটি লন্ডন থেকে ছেড়ে সিলেট হয়ে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া।
সেখানে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
পরে ২৫ জানুয়ারি থেকে খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরাকে সামনে রেখে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’কে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।