কুবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ১১ জুলাই , ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের দাবি জানিয়েছে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’।
একইসাথে প্রস্তাবনা করা হয় ৩৮ ফিট উচ্চতা সম্পন্ন একটি স্মৃতিস্তম্ভের নকশা। এই নকশা তৈরি করেন সংগঠনের সদস্য সুলতানা রাজিয়া।
গত মাসে (৩০ এপ্রিল) রেজিস্ট্রার বরাবর একটি লিখিত আবেদন এবং বুধবার (৯ জুলাই) কুবি উপ-উপাচার্যের কাছে ৩৮ ফিট উচ্চতা সম্পন্ন ডিজাইন উপস্থাপন করা হয়।
পাটাতনের আবেদনপত্রে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলনের গৌরবগাঁথা ও ত্যাগের স্মৃতির স্বীকৃতিই যথেষ্ট নয়, বরং তা প্রাতিষ্ঠানিক স্মৃতিস্তম্ভ আকারে সংরক্ষণ করতে হবে।
পাটাতনের সভাপতি মাসুম বিল্লাহ বলেন‚ “জুলাই আন্দোলনকে স্মরণ করে রাখার মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ চোখে পড়েনি। এজন্য পাটাতনের পক্ষ থেকে জুলাই স্মৃতি মিনার তৈরির জন্য এপ্রিল মাসে রেজিস্ট্রার বরাবর আবেদন করা হয়। কিন্তু এ নিয়ে কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি।”
মাসুম বিল্লাহ বলেন‚ “আমরা নিজেদের উদ্যোগে একটি ডিজাইন তৈরি করি। উপ-উপাচার্য আমাদের আশ্বাস দিয়েছেন। আমরাও প্রশাসনকে এ দাবি বাস্তবায়নে সহায়তা করতে চাই।”