প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ২০ জানুয়ারী , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও গবেষণা সম্মাননা প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করেন।
ইনস্টিটিউটের অ্যালামনাইদের অর্থায়নে এই শিক্ষাবৃত্তি ও গবেষণা সম্মাননা দেওয়া হচ্ছে।
লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আব্দুল মুত্তালিব বক্তব্য রাখেন। অ্যালামনাইদের পক্ষে তারিকুল ইসলাম খান বক্তব্য দেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, বিভিন্ন প্রতিকূলতার সত্ত্বেও আমাদের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন। এধরনের বৃত্তি এবং সম্মাননা গবেষকদের মেধা ও মননের স্বীকৃতি ও উৎসাহ প্রদান করে।
তিনি অত্যাধুনিক গবেষণার মাধ্যমে দেশের চামড়া শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য ইনস্টিটিউটের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।