প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ২৭ জুন , ২০২৫
বৈষম্যবিরোধী আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ২৪ জুন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন জমা হয়।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম।
তিনি জানান, আবু সাঈদ হত্যা মামলার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামসহ ৩০ জনের ‘সম্পৃক্ততা’ পেয়েছে তদন্ত সংস্থা। যাদেরকে এই মামলার আসামি করা হয়েছে।
এই ৩০ জনের মধ্যে ৮ জন পুলিশ, অন্য ২২ জন ছাত্রলীগ নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তা রয়েছে। এর মধ্যে চারজন গ্রেফতার আছেন। গোপনীয়তার স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করেননি।
পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায় ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী (আকাশ) এ মামলার আসামি। বাকি আসামিদের নাম প্রকাশ করবেন না বলে জানান মিজানুল ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর জানান, তদন্ত প্রতিবেদন, অন্যান্য নথিপত্র এবং তথ্য-উপাত্ত ও পটভূমি পর্যালোচনা করে রোববার (২৯ জুলাই) আনুষ্ঠানিক ট্রাইব্যুনাল-২–এ উপস্থাপন করা হবে।
মিজানুল ইসলাম বলেন, গত বছরের ১৬ জুলাই বেলা ২টা ১৭ মিনিটে আবু সাঈদকে হত্যা করা হয়েছে। তিনি বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিলেন। কাউকে আক্রমণ করেননি। দুজন তাঁকে গুলি করেছেন।