রাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ৩ ফেব্রুয়ারি , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ও রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে রাকসু আন্দোলন মঞ্চ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্ত্বরে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান সংগঠনটির সদস্য সচিব আমানুল্লাহ খান আমান।
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গত ৫ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পরে তিনি বিভিন্ন সময়ে ৫-৬ মাসের মধ্যে রাকসু নির্বাচনে দেওয়ার কথা বলেছিলেন। তার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে রাকসুর তফসিল ঘোষণার জন্য আমরা রাকসু আন্দোলন মঞ্চ থেকে জোর দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পর তরুণদের নেতৃত্ব বিকাশের সুযোগ তৈরি হয়েছে। ফলে, রাষ্ট্র পরিচালনায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে ছাত্র সংসদ জোরালো ভূমিকা পালন করবে।
সংবাদ সম্মেলনে আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী কামরুল হাসান সজীব দলীয় সরকার ক্ষমতায় আসলে রাকসু কার্যকর হওয়ার শঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, বিগত দিনে আমরা দেখেছি শিক্ষার্থীদের দাবি থাকলেও ক্ষমতাসীন দল রাকসু কার্যকরের বিপক্ষে ছিল। ইতোমধ্যে, রাষ্ট্রীয় পর্যায়েও বিভিন্ন দলের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লক্ষ্য করা যাচ্ছে। কোনোভাবে জাতীয় নির্বাচন হয়ে গেলে আমরা নিশ্চিত আর কোনোদিন রাকসু কার্যকর করা সম্ভব হবে না। অতএব রাকসু কার্যকর করার এখনই সঠিক সময়।
২০১৭ সালের ১৩ ডিসেম্বরে গঠিত হয় রাকসু আন্দোলন মঞ্চ। সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই রাকসু আন্দোলনের দাবিতে ও শিক্ষার্থীদের রাকসু সম্পর্কে জানাতে মানববন্ধন, লিফলেট বিতরণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।