চবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ৮ আগস্ট , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নাট্যকলা বিভাগে শিক্ষক পদে যোগদানের অপেক্ষায় থাকা দুই প্রার্থীর ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ মিলেছে। তারা হলেন—গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব।
তিনি জানান, গত ৪ আগস্ট তাদের ডোপ টেস্টের নমুনা পরীক্ষা করা হয়, যেখানে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি ধরা পড়ে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, প্রেজেন্টেশন ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সব ধাপ অতিক্রম করে চূড়ান্ত তালিকায় স্থান পান গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদ। পরবর্তী ধাপে নেওয়া ডোপ টেস্টেই ধরা পড়ে মাদক সেবনের বিষয়টি।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা বা কর্মচারী—সবার নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক। যাদের রিপোর্ট পজিটিভ আসবে, তাদের কোনোভাবেই নিয়োগ দেওয়া হবে না।”