প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৬ মে , ২০২৫
রোজার ঈদের মতো কোরবানির ঈদেও চাকরিজীবীদের জন্য বেশ লম্বা ছুটির সুযোগ তৈরি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় ঈদুল আযহায় টানা ১০ দিন ছুটির অনুমোদন দেওয়া হয়েছে।
এবার ঈদুল আযহার ছুটি শুরু হবে ৫ জুন থেকে, আর শেষ হবে ১৪ জুন তারিখে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়ে বলেছেন, ঈদের আগে ১৭ মে এবং ২৪ মে তারিখ দুই শনিবারে অফিস খোলা থাকবে।
গেল রোজার ঈদের টানা ৯ দিন ছুটি পেয়েছিলেন চাকরিজীবীরা। ঈদযাত্রায় স্বস্তি থাকার পেছনে ওই লম্বা ছুটিও ভূমিকা রেখেছিল।
উপদেষ্টা পরিষদের সভায় বহুল আলোচিত সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া অনুমোদনের কথাও জানিয়েছেন প্রেস সচিব শফিক।