প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ৫ আগস্ট , ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৫ আগস্ট) ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’। সকাল থেকে নানা আয়োজনে মুখর হয়ে উঠেছে জাতীয় সংসদ ভবন সংলগ্ন এই এলাকা।
অনুষ্ঠানের মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমসহ সকল প্রস্তুতি সোমবার রাতেই শেষ হয়। আয়োজনে রয়েছে সাংস্কৃতিক পরিবেশনা, ড্রোন শো ও ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ। সকাল ১১টা থেকে শুরু হবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা। বিকাল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঘোষণাপত্র পাঠ করবেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭টায় থাকবে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় পরিবেশনায় অংশ নেবে জনপ্রিয় ব্যান্ডদল।
অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান ও র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খালিদুল হক হাওলাদার জানান, ইউনিফর্ম ও সাদা পোশাকে মোতায়েন থাকবে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য। স্থাপন করা হয়েছে উন্নতমানের সিসি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারি।
সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ জানিয়েছেন, বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে ওয়াটারপ্রুফ সাউন্ড সিস্টেম।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠান উপলক্ষ্যে মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।