প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২৭ সেপ্টেম্বর , ২০২৫
আগামী জাতীয় নির্বাচনে এককভাবে না জোটগতভাবে অংশ নেবে, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটি ‘মধ্যপন্থী’ স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান গড়ে তোলার পরিকল্পনা করছে। এজন্য বিএনপি ও জামায়াতের সঙ্গে যোগাযোগ থাকলেও তাদের সঙ্গে সরাসরি জোটে যেতে অনাগ্রহী এনসিপি।
দলীয় সূত্রে জানা গেছে, এনসিপি এখন সমমনা ও মাঝামাঝি অবস্থানের দলগুলোকে নিয়ে তৃতীয় একটি জোট বা নির্বাচনী মোর্চা গঠনের চিন্তায় আছে। প্রয়োজনে কিছু আসনে বিএনপি বা জামায়াতের সঙ্গে আসনভিত্তিক সমঝোতাও হতে পারে।
রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, জামায়াতের সঙ্গে এনসিপির সুসম্পর্ক রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার ও জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়েও দুই দলের অবস্থান কাছাকাছি। তবে সম্প্রতি সংসদের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়নের দাবিতে জামায়াতসহ সাত দলের আন্দোলনে এনসিপি না থাকায় তাদের অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
এ প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা সংসদের নিম্নকক্ষে পিআর পদ্ধতির পক্ষে নই। এখনই ঐকমত্য কমিশনকে প্রত্যাখ্যান করে রাজপথে নামার সময় হয়নি।”
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বিএনপি ও জামায়াতের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টানাপোড়েনের সময় এনসিপিসহ ৯ দল বিএনপি-জামায়াতের বাইরে একটি গ্রহণযোগ্য সমাধান খুঁজছে। ১৮ সেপ্টেম্বর রাজধানীতে এক বৈঠকে এনসিপি, গণতন্ত্র মঞ্চের ৬ দল, এবি পার্টি ও গণ অধিকার পরিষদ এই বিষয়ে আলোচনা করেছে।
দলটির শীর্ষ নেতৃত্বের একটি অংশ জামায়াতের সঙ্গে সমঝোতায় আগ্রহী হলেও তরুণ নেতৃত্ব মনে করে, জামায়াতের সঙ্গে সরাসরি জোটে গেলে এনসিপির গায়ে একটি নির্দিষ্ট মতাদর্শের ‘ট্যাগ’ লাগবে। এতে দলটির মধ্যপন্থী ও স্বকীয় অবস্থান ক্ষুণ্ণ হতে পারে।
একইভাবে বড় দল বিএনপির সঙ্গে জোটেও এনসিপি যেতে চায় না। তাদের মতে, এতে দলের স্বাধীনতা ও দীর্ঘমেয়াদি এজেন্ডা ক্ষতিগ্রস্ত হবে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, “আমরা বিএনপি-জামায়াতের বাইরে আলাদা একটি স্বতন্ত্র রাজনৈতিক সমীকরণ গড়তে চাই।”
জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী অনেক তরুণ এখন এনসিপিতে থাকায় দলটিকে যেকোনো নির্বাচনী সমঝোতায় ‘মূল খেলোয়াড়’ হিসেবে দেখছে বিভিন্ন পক্ষ। তবে এনসিপি শেষ পর্যন্ত কোন পথে যাবে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।