জাবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ১০ মে , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আইন ও বিচার বিভাগ প্রতিষ্ঠার ১৪ বছর পেরিয়ে গেলেও শিক্ষক সংকটে ভুগছে শিক্ষার্থীরা। বিভাগের ১১ জন শিক্ষকের ৯ জনই রয়েছেন ছুটিতে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, সহযোগী অধ্যাপক কেএম সাজ্জাদ মহসীন, তাপস কুমার দাস, সুপ্রভাত পাল ও শায়লা আলম আশা, সহকারী অধ্যাপক মো. আবু সাঈদ ও বনশ্রী রানী এবং প্রভাষক তামান্না আজিজ তুলি, আ জ ম উমর ফারুক সিদ্দিকী ও লিমা আক্তার ছুটিতে রয়েছেন।
যদিও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-ইউজিসির নিয়ম অনুযায়ী কোনো বিভাগের সর্বোচ্চ ২৫ শতাংশ শিক্ষক ছুটিতে থাকতে পারেন। অথচ, জাবির আইন ও বিচার বিভাগের ৮০ ভাগের বেশি শিক্ষকই ছুটিতে।
জানতে চাইলে আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন রবিউল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের অনেক নিয়মই ঠিকমতো মানা হয় না। আগেও নজির আছে এমন ছুটি নেওয়ার। তাই ছুটি দেওয়া হয়েছে।”
উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, শিগগিরই শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা হবে।