প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ৭ নভেম্বর , ২০২৫
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বি.এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১১ নভেম্বর সকাল ১০টা থেকে এবং চলবে ১১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
এবার মোট ১১টি বিভাগে ৬৩০ জন শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। বিভাগ ও আসনসংখ্যা নিম্নরূপ—
ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং (৮০), ফেব্রিক ইঞ্জিনিয়ারিং (৮০), ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং (৮০), অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং (৮০), টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট (৮০), টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন (৪০), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (৪০), টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (৪০), ডাইজ অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং (৪০), এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (৪০) ও টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (৩০)।
আবেদনের ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহে অতিরিক্ত ১,২০০ টাকা প্রদান করতে হবে।
লিখিত পরীক্ষা মোট ২০০ নম্বরের হবে—গণিত ৬০, পদার্থবিজ্ঞান ৬০, রসায়ন ৬০ এবং ইংরেজি ২০ নম্বর। প্রশ্নপত্র হবে বাংলা ও ইংরেজি উভয় ভাষায়, এবং পরীক্ষা নেওয়া হবে উচ্চমাধ্যমিকের নির্ধারিত সিলেবাস অনুযায়ী।
যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২১ ডিসেম্বর, প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৩ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে। ফলাফল পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে ([www.butex.edu.bd)।](http://www.butex.edu.bd%29।)