প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বুধবার , ১২ নভেম্বর , ২০২৫
সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে স্থায়ী নিয়োগ পাওয়া ২২ বিচারকের মধ্যে ২১ জন শপথ নিয়েছেন। অসুস্থ থাকার কারণে একজন বিচারকের শপথ পরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রেজিস্ট্রারের দপ্তরের কর্মকর্তারা।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নবনিযুক্ত বিচারকদের শপথ বাক্য পাঠ করান।
যেসব বিচারক শপথ গ্রহণ করেছেন তারা হলেন—বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান খালিদী, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথীকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন এবং শিকদার মাহমুদুর রাজী।
বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন অসুস্থ থাকায় হাসপাতালে ভর্তি আছেন; তিনি সুস্থ হয়ে উঠলে পরবর্তী সময়ে শপথ নেবেন বলে জানান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান।
শপথ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং নবনিযুক্ত বিচারকদের স্বজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর সরকার ২৩ জনকে হাই কোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেয়। তাদের মধ্যে ২২ জনকে স্থায়ী নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, শপথ গ্রহণের পর থেকেই তাদের স্থায়ী নিয়োগ কার্যকর হবে।