ইবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ৫ নভেম্বর , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় তিন শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার এবং নয় শিক্ষার্থীকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৫ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক চারটি অফিস আদেশে এ তথ্য জানা যায়। গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এক বছরের জন্য বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন নাহিদ হাসান, রিয়াজ মোর্শেদ ও আফসানা পারভীন তিনা। তারা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০২০-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। একই ঘটনায় সতর্ক বার্তা পেয়েছেন নয়জন শিক্ষার্থী, যাদের মধ্যে ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম, মিল্টন মিয়া, মশিউর রহমান, রাকিব হোসেন এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন, সাব্বির হোসেন, সৌরভ হোসেন সজীব ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফরিদুল আলম পান্না রয়েছেন।
জানা যায়, ঘটনার দিন ১২ জুলাই বিকালে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পত্রিকার শিক্ষার্থী সাংবাদিকদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পর উপাচার্য কর্তৃক গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে।
সংশ্লিষ্টরা সাংবাদিক রবিউলকে তলপেটে লাথি মেরে, সাংবাদিক আরিফ বিল্লাহ-এর মোবাইল রিসেট এবং বিভাগের সাধারণ শিক্ষার্থীদের বরাতে প্রক্টর বরাবর মিথ্যা অভিযোগ দায়ের করার কারণে এ শাস্তি প্রদান করা হয়েছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, সিন্ডিকেটের সিদ্ধান্ত সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে।