শাবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ৩০ মে , ২০২৫
আবাসিক হলের কক্ষে ছুরি নিয়ে ঢুকে হত্যাচেষ্টার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) থেকে শেখ ফাকাব্বির সিন নামে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
ফাকাব্বির সিন শাবির সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকারের সমর্থক বলে জানা যায়।
বৃহস্পতিবার (২৯ মে) বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর মোখলেসুর রহমান।
তিনি বলেন, “তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শৃঙ্খলা কমিটিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ফাকাব্বিরের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়। এর ভিত্তিতে ১৭ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৬তম সভায় তাকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।”
এর আগে গত ৫ জানুয়ারি রাত ১০টার দিকে শাবির শাহপরাণ হলের ৪৩৬ নম্বর কক্ষে ঢুকে ছুরি দিয়ে হত্যার চেষ্টা করেন বলে জানান ওই কক্ষে অবস্থানরত শিক্ষার্থীরা।
কক্ষটিতে সমুদ্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমিরুল ইসলাম, আতিকুজ্জামান ও আবু হুরায়রা রাতিন থাকতেন।
ভুক্তভোগী শিক্ষার্থী আমিরুল ইসলাম বলেন, “আমি রাত ৯টার দিকে টিউশন থেকে হলে ফিরে নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ অভিযুক্ত ফাকাব্বির আমার সাথে কথা বলতে আসে। তার পড়নে ছিল শর্ট প্যান্ট। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তুমি কে? শর্ট প্যান্ট পড়ে হুটহাট রুমে ঢুকে পড়েছ। তখনই সে পকেট থেকে একটা ছুরি বের করে আমাকে মারার চেষ্টা করে এবং ইউটিউব থেকে একটা ভিডিও প্লে করে আমাকে বলে, ‘দেখ আমি খুলনার শীর্ষ সন্ত্রাসী’। পরে দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে আমি প্রক্টরকে ফোন দিয়ে জানাই।”
এরপর ফেসবুক গ্রুপ ‘সাস্টিয়ান ভয়েসে’ শিবিরকে জড়িয়ে পোস্ট দেন ফাকাব্বির। পোস্টে ফাকাব্বির লেখেন, “আমি শাহপরাণ হলে টাকা নিতে আসলে শিবিরের ছেলেরা আমাকে কুপিয়ে জখম করে।”
পরবর্তীতে রাত আনুমানিক ২টার দিকে প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করে সত্যতা পাওয়ার পর একই গ্রুপে ক্ষমা চেয়ে ফাকাব্বির লেখেন, আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিবিরকে জড়ানোর চেষ্টা করেছি। এ রকম ভবিষ্যতে আর করবেন না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
শেখ ফাকাব্বির সিন বিশ্ববিদ্যালয় সংলগ্ন সুরমা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন। তার সাথে থাকতেন একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াদ ভুঁইয়া।
রিয়াদ ভুঁইয়া জানান, ফাকাব্বির দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে রুমে নিয়মিত গাঁজা সেবন করে।