প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: সোমবার , ১৩ জানুয়ারী , ২০২৫
সারদায় প্রশিক্ষণ চলা অবস্থায় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার পুলিশের ৩২১ জন উপ পরিদর্শক চাকরিতে পুনর্বহালের দাবিতে সোমবারও সচিবালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে।
এদিন সকাল ১০টা থেকে বহিষ্কৃতদের অনেকে ব্যানার নিয়ে সচিবালয়ের ৩ নম্বর ফটকের বিপরীতে ওসমানি স্মৃতি মিলনায়তনের পাশে অবস্থন নেন। তাদের অবস্থানের পশ্চিম পাশেই নিয়োগ পরীক্ষায় উত্ত্বীর্ণ হয়েও গোয়েন্দা প্রতিবেদনে বাদ পড়া ৪৮ জন কারারক্ষী। এর পাশেই রয়েছেন চীন থেকে সমুদ্র বিদ্যায় প্রশিক্ষণ নিয়ে আসা ১৭ জন; যারা দেশীয় কর্তৃপক্ষের কাছ থেকে একটি প্রাপ্য সনদের দাবি নিয়ে দাঁড়িয়েছেন।
অবস্থানরত ক্যাডেট সাব ইনস্পেক্টর মাসুদ রানা বলেন, সারদা পুলিশ একাডেমিতে বিভিন্ন ধাপে ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে নানা অজুহাতে। আজকে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি স্যার আমাদের আশ্বাস দিয়েছিলেন। আমাদের বিষয়ে তারা কী সিদ্ধান্ত নিয়েছেন তা জানতে আমরা এসেছি। এর আগে ৫ ও ৬ জানুয়ারি আমরা অবস্থান কর্মসূচি পালন করেছিলাম।
চীনে প্রশিক্ষণধারীদের একজন বলেন, “আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধিনে স্কলারশিপের মাধ্যমে চীনের জিয়াংসু মেরিটাইন ইনস্টিটিউট থেকে নাবিক প্রশিক্ষণ শেষ করি। আমরা ১৭ জন সেখানে গ্রাজুয়েশন করি। কিন্তু দেশে এসে আমরা নৌপরিবহন অধিদপ্তর থেকে ক্যাডেট সিডিসি সনদ পাওয়ার কথা। গত ছয়মাস ধরে দ্বারে দ্বারে ঘুরেও আমরা এই সনদ পাচ্ছি না। জানুয়ারি মাসের শেষের দিকে চীনে একটি চাকরি মেলা অনুষ্ঠিত হবে। এই সনদ না পেলে আমরা বাণিজ্যিক জাহাজে চাকরির সুযোগ পাবো। এটা যদি না পাই তাহলে আমরা সুযোগ পাচ্ছি না। এরপর আমরা অনশনে নামতে বাধ্য হবো।”
৬২তম পুরুষ ও মহিলা কারারক্ষী ব্যাচের একজন বলেন, আমরা সব পরীক্ষায় পাশ করার পর এসবি ও এনআইস ভেরিফিকেশনের পর ৫২১ জনকে প্রশিক্ষণে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ একমাস ১৩ দিন হয়ে গেলে আমাদের ৪৮ জনকে প্রশিক্ষণে পাঠানো হচ্ছে না। আমরা ৪৫ জন পুরুষ ও ৩ জন নারী। কী কারণে আমাদের প্রশিক্ষণে পাঠানো হচ্ছে না তা পরিষ্কার নয়। আমরা অতিরিক্ত আইজিপি মহোদয়ের সঙ্গে দেখা করেছি। উনি বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে তোমাদের যোগদান হবে। গত ৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা আবেদন দিয়েছে, এখনও সাড়া পাইনি।