নোবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২৪ এপ্রিল , ২০২৫
তুরস্কের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)।
বিশ্ববিদ্যালয়ে কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে বুধবার (২৩ এপ্রিল) মতবিনিময় সভায় এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
উপাচার্য বলেন, “সম্প্রতি আমি তুরস্কের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সফর করেছি। এসব বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছি। বিশ্ববিদ্যালয়গুলো হলো- আলানিয়া আলাদিন কেকুবাত, আঙ্কারা ইয়েলদেরেম বায়েজিদি এবং নিদে ওমর হলিসদেমির বিশ্ববিদ্যালয়।”
তিনি বলেন, স্বাক্ষরিত এমওইউ’র আওতায় নোবিপ্রবি এবং তুরস্কের বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে স্টুডেন্ট ও ফ্যাকাল্টি এক্সচেঞ্জ, আন্ডার গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট শিক্ষার্থী এক্সচেঞ্জ, এমএস ও পিএইচডি শিক্ষার্থী জয়েন্ট সুপারভিশন, এনার্জি টেকনোলজি ও ইঞ্জিনিয়ারিং এক্সচেঞ্জ, একাডেমিক ও ইনফরমেশন ম্যাটেরিয়ালস এক্সচেঞ্জ, স্টাফ ট্রেনিং, যৌথ গবেষণা ও কনফারেন্স চালুসহ ভাষা কোর্স চালুর সুবিধাসমূহ রয়েছে।
অধ্যাপক ইসমাইল আরও বলেন, “এছাড়াও আমি তুরস্কের অস্তিম তেখনিখ বিশ্ববিদ্যালয় সফর করি। সেখানে নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য এক তৃতীয়াংশ টিউশন ফি মওকুফের বিষয়ে সিদ্ধান্ত হয়। এজন্য অচিরেই ওই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একটি এমওইউ করা হবে।”
সভায় উপস্থিত ছিলেন উপউপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।