জবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ১৩ আগস্ট , ২০২৫
সম্পূরক বৃত্তি প্রদান, অস্থায়ী আবাসন নির্মাণ ও জকসু নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দিয়ে কাঁঠালতলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন শাখা ছাত্রদলের নেতারা। লিখিত বক্তব্যে আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযোগ করেন, গত বছরের নভেম্বরে উপাচার্যের কাছে ২১ দফা দাবি পেশ করা হলেও একটি দাবিও বাস্তবায়ন হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত পূরণ না হলে কঠোর আন্দোলনে যাবে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, ‘ফ্যাসিস্টের সহযোগী’ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিচারের মাধ্যমে জকসুর সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
দাবিগুলো হলো—
১. অবিলম্বে আবাসিক ভাতা (সম্পূরক বৃত্তি) প্রদান ও ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্যকর করা এবং মুক্ত মঞ্চে শিক্ষার্থীদের অবহিত করা।
২. সাত একর নিজস্ব জমিতে এক মাসের মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণ শুরু ও ছয় মাসে শেষ করা।
৩. তালিকাভুক্ত ছাত্রলীগ কর্মী এবং ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে চিহ্নিত ৬৮ শিক্ষক ও ২৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
৪. অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের অপসারণ।
৫. বিচার শেষে স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত জকসু নির্বাচন সম্পন্ন করা।