প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১২ আগস্ট , ২০২৫
তৃতীয় দফা সংলাপের আগে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন মেয়াদ অনুযায়ী কমিশনের কার্যক্রম চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সোমবার (১১ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
গত ১২ ফেব্রুয়ারি ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব পর্যালোচনা এবং জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে সরকার জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে। এতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকে সহ-সভাপতি করা হয়।
কমিশনের অন্যান্য সদস্যরা হলেন— জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আইয়ুব মিয়া, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান।
১৫ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করা কমিশনের প্রাথমিক মেয়াদ ছিল ছয় মাস, যা শেষ হওয়ার কথা ছিল ১৫ আগস্ট। এ সময়ের মধ্যে প্রথম দফা সংলাপে ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৬২টিতে এবং দ্বিতীয় দফায় গুরুত্বপূর্ণ ২০টি সাংবিধানিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে কমিশন।
গত শুক্রবার কমিশন জানিয়েছিল, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের রূপরেখা চূড়ান্তকরণ এবং জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নিশ্চিত করতে আগামী সপ্তাহে তারা সংলাপে বসবে। এর আগেই মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় সরকার অতিরিক্ত এক মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।