Sadek প্রকাশিত: বৃহস্পতিবার , ২২ মে , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রীদের বহিষ্কারের ঘটনায় নতুন করে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত ৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে জানান সভা শেষে সহউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন।
সভা শেষে তিনি বলেন, বহিষ্কৃত ১১ ছাত্রীর মধ্যে ৬ জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনজনের বহিষ্কারের মেয়াদ কমিয়ে দুই বছর থেকে ছয় মাস করা হয়। বহাল রাখা হয়েছে এক ছাত্রীর স্থায়ী বহিষ্কারাদেশ। অপর ছাত্রীর বহিষ্কারের মেয়াদ এক বছর বহাল থাকবে।
এর আগে সহকারী প্রক্টরকে শারীরিক লাঞ্ছনা ও ধর্ম অবমাননার ঘটনায় চলতি বছর ১৩ ফেব্রুয়ারি ১২ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছিল কর্তৃপক্ষ। এর মধ্যে ১১ জনই ছাত্রী। তাদের একজনকে ধর্ম অবমাননা ও বাকি ১০ জনকে ৫ ফেব্রুয়ারি রাতের ঘটনায় বহিষ্কার করা হয়েছিল।
উল্লেখ্য, চলতি বছরে ৫ ফেব্রুয়ারি ছাত্রীদের বিজয় ২৪ হলের সামনে রাখা নৌকা আকৃতির বসার স্থান ভাঙচুর করতে যাওয়া কিছু শিক্ষার্থীর সঙ্গে বিতণ্ডাও হয়েছিল আবাসিক ছাত্রীদের।
ছাত্রীদের অভিযোগ, মধ্যরাতে একদল শিক্ষার্থী হলে এসে ছাত্রীদের সঙ্গে অশোভন আচরণ করেছেন। এসব ঘটনায় হলের আবাসিক শিক্ষক ও প্রক্টরিয়াল বডিকে ফোনে পাওয়া যায়নি। এ কারণেই তারা প্রতিবাদ জানিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সহকারী প্রক্টর কোরবান আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করতে দেখা গেছে এক ছাত্রীকে। এ ছাড়া কয়েকটি ভিডিওতে প্রক্টরিয়াল বডির একাধিক সদস্যকে ছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করতে দেখা যায়।