ঢাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জুয়াইরিয়া ফেরদৌস চ্যাম্পিয়ন এবং ইতিহাস বিভাগের শিক্ষার্থী নিলুফা ইয়াসমিন নীলা রানার্স-আপ হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আজ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরণ করেন।
শামসুন নাহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম আরিফ মাহমুদ, শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৫টি ছাত্রী হলের ল্যাবে কম্পিউটার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ছাত্রী হলের কম্পিউটার ল্যাব সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কম্পিউটার দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম হল প্রভোস্টদের কাছে এসব কম্পিউটার হস্তান্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং পলিসি এডভাইজার (সমন্বয় ও সংস্কার) ফয়েজ আহমদ তৈয়্যব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।