রাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে, যা চলবে ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত।
চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী সাতটি হলে মোট ৪২ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এর মধ্যে ৩৯ জন ছাত্রী হলের এবং ৩ জন ছাত্র হলের। তবে চারটি ছাত্রী হলে একটি করে পদে কোনো প্রার্থী নেই।
বিজয়ীদের মধ্যে রোকেয়া হলে ৯ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন, জুলাই-৩৬ হলে ৭ জন, মুন্নুজান হলে ১ জন এবং বিজয়-২৪ হলে ৩ জন প্রার্থী রয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, কয়েকটি হলে ৪২ জন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনি প্রচারণায় সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে প্রচারণা চালানো যাবে এবং ভোটগ্রহণ হবে আগামী ২৫ সেপ্টেম্বর অ্যাকাডেমিক ভবনে।
এদিকে শিক্ষার্থীদের সচেতন করতে প্রশাসনের উদ্যোগে সোমবার “রাকসু কী এবং কেন” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।