চবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ২২ ফেব্রুয়ারি , ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল সংলগ্ন একটি খাবার হোটেলসহ চারটি দোকান আগুনে পুড়ে গেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া চারটি দোকান হলো গাউসিয়া হোটেল এন্ড বিরিয়ানি হাউস, তামিম টি স্টোর, ইব্রাহিম স্টোর এবং সাকিব ইলেকট্রনিক্স।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নজরুলের তালা চাবির দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর একে একে বাকি দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পরে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ইলেকট্রনিক্স এর দোকান থেকে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই এবং আগুন নিয়ন্ত্রণে নেই।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গাউসিয়া হোটেল এন্ড বিরিয়ানি হাউসের মালিক বলেন, পাশের একটি দোকানে আগুন লাগে এরপর আমাদের দোকানসহ বাকি দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন ভোর রাতে লাগার কারণে আমরা অনেক দেরিতে খবর পাই। এই সময়ের মধ্যে দোকানের প্রায় সবকিছু পুরে ছাই হয়ে গেছে।
পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ রতন কুমার বলেন, আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১২-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর হায়দার আরিফ বলেন, ধারণা করছি আগুনটি খাবার হোটেলের ভেতর থেকেই হতে পারে। এছাড়া এর আগেও খাবার হোটেল থেকে আগুন লেগেছে। ব্যবসায়ী সমিতির বৈঠকে শেষে জানা যাবে সঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।