প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শুক্রবার , ১ আগস্ট , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত আচরণবিধিতে বলা হয়েছে, ডোপ টেস্টের ফল ‘পজিটিভ’ হলে প্রার্থিতা বাতিল করা হবে।
নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেওয়ার সময় প্রার্থী সর্বোচ্চ পাঁচজন সমর্থক সঙ্গে রাখতে পারবেন এবং কোনো ধরনের মিছিল, শোভাযাত্রা বা যানবাহন ব্যবহার করা যাবে না। নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রে আনতে যানবাহন নিষিদ্ধ থাকবে, তবে বাইসাইকেল ও রিকশা ব্যবহার করা যাবে।
প্রচারণা সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে সীমিত থাকবে এবং পোস্টারের রং হবে সাদাকালো। পোস্টারের আকার নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৬০ সেমি বাই ৪৫ সেমি। কোনো ভবনের দেয়ালে পোস্টার লাগানো বা লিখন নিষিদ্ধ এবং শ্রেণিকক্ষে প্রচার চালানো যাবে না।
প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না। প্রার্থী ও ভোটার ছাড়া অন্য কেউ কোনোভাবেই প্রচারণায় অংশ নিতে পারবেন না। নির্বাচনের দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেবল অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ও ভোটাররা প্রবেশ করতে পারবেন। গণমাধ্যমকর্মীদেরও অনুমতি সাপেক্ষে ভোটকেন্দ্রে প্রবেশের সুযোগ থাকবে।
আচরণবিধি ভঙ্গ করলে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা, প্রার্থিতা বাতিল অথবা বহিষ্কারের বিধান রাখা হয়েছে।