প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৫ মার্চ , ২০২৫
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দায়িত্ব পালনের শপথ নিয়েছেন বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মঙ্গলবার সকালে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
আপিল বিভাগ ও হাই কোর্ট বিভাগের বিচারকরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভুঞা।
শপথ অনুষ্ঠানে উপস্থিত আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ অনেকে।
এর আগে সোমবার (২৪ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পান হাইকোর্ট বিভাগের এই দুই বিচারপতি। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ-এর বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুব-কে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ-এর বিচারক পদে নিয়োগ দিয়েছেন।
এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।