প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ২৭ এপ্রিল , ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে শহীদ ফয়জুল ইসলাম রাজনের কবর ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে ঢাকার কেরানীগঞ্জে তারানগর ইউনিয়নের উত্তর বাহেরচর এলাকার বাহেরচর কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। বর্তমানে কবরস্থান ও এর আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেরানীগঞ্জ থানার আহ্বায়ক শাফায়েত ঢালী বলেন, “শহীদ রাজনের (ফয়জুল ইসলাম) কবর ভাঙচুরের ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনা শুধু একটি কবর ভাঙচুর নয়, এটি বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের অসম্মান করার নিকৃষ্ট উদাহরণ।”
শহীদ রাজনের কবরস্থানে যারা হামলা চালিয়েছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই ছাত্র আন্দোলনে অংশ নিয়ে মিরপুর ১০ নম্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফয়জুল ইসলাম। কেরানীগঞ্জের বাহেরচর কেন্দ্রীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। সরকারের পক্ষ থেকে ওই কবরের চারপাশে সীমানাদেয়াল নির্মাণের কাজ চলছিল।
রাজনের বড় ভাই মোহাম্মদ রাজু বলেন, “শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে ভাইয়ের কবর অক্ষত দেখেছিলাম। বিকেলে লোকমুখে জানতে পারি, কবর ভাঙচুর করা হয়েছে। গিয়ে দেখি, কবরের চারপাশের সীমানাদেয়াল ভেঙে রাখা হয়েছে। যারা এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।”