ইবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ১৫ জুলাই , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভিন্ন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের মধ্যে সংঘটিত অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটিকে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান, তথ্য উদ্ঘাটন এবং প্রয়োজনীয় সুপারিশসহ ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিজানুর রহমানকে। অন্যান্য সদস্যরা হলেন—লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. কামরুজ্জামান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. শরিফুল ইসলাম। কমিটির সদস্য-সচিব হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মিন্নাতুল করিম।
তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, “হিট প্রজেক্ট সংক্রান্ত কাজে বর্তমানে ঢাকায় আছি। এখনো অফিসিয়াল চিঠি হাতে পাইনি। ১৬ তারিখে ক্যাম্পাসে ফিরবো, এরপর বিষয়টি দেখবো।”
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি এড়াতে ও দায়ীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।