কুবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ৩০ জুলাই , ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) গঠনের দাবিতে দেয়াল লিখনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সৌন্দর্য নষ্টের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টার দিকে কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের বিভিন্ন অংশে কালো ও নীল রঙের স্প্রে দিয়ে ‘কুকসু চাই’ লিখে দেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিতের দাবি জানান।
আইন বিভাগের শিক্ষার্থী মো. সালমান হোসেন বলেন, “কুকসু চাইতে পারেন, তাই বলে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নষ্টের অধিকার কারও নেই। প্রশাসনের উচিত দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।”
গণিত বিভাগের শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক মো. হান্নান রহিম বলেন, “দাবি আদায়ের এই পদ্ধতি খুবই লেইম। এতে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং শিক্ষার্থীদের মধ্যেই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রশাসনকে দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।”
অভিযুক্তদের একজন, নাঈম ভূইয়া, দায় স্বীকার করে বলেন, “আমরা বুঝিনি এভাবে সৌন্দর্য নষ্ট হবে। এখন অনুতপ্ত এবং সৌন্দর্য ফিরিয়ে আনার চেষ্টা করব।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, “এ ধরনের কাজ শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে। আমরা জড়িতদের নাম সংগ্রহ করছি। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দেয়াল মুছে ফেলার কাজ শুরু হয়েছে।”
ঘটনাটি ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। সৌন্দর্য রক্ষায় সচেতনতার পাশাপাশি শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা।