প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১২ এপ্রিল , ২০২৫
রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশকে ‘বদলে ফেলার’ নানা ‘উদ্যোগের’ ধারাবাহিকতায় এবার বাহিনীর লোগোর পরিবর্তন আসছে।
‘পাল তোলা নৌকা’ বাদ দিয়ে ‘চূড়ান্ত’ হওয়া নতুন লোগো ইতোমধ্যে সব ইউনিটকে চিঠি দিয়ে অবগত করেছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা বেগমের সই করা চিঠিতে বলা হয়েছে, “বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম/লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম/লোগো চূড়ান্ত করা হয়েছে। যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।”
পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রীতে নতুন লোগো ব্যবহারের জন্য জেলা বা বিভিন্ন ইউনিটকে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে পুলিশ সদর দপ্তর বলছে, প্রজ্ঞাপন হওয়া মাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে হবে।
নতুন লোগোতে থাকছে পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা। দুই পাশে ধান ও গমের শীষের মালা, যার উপরের অংশটি তিনটি পাটপাতা যুক্ত। আর নিচের সংযোগস্থলে বাংলায় লেখা থাকছে ‘পুলিশ’।
এর আগে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে ২০০৯ সালে পাল বাঁধা নৌকার দুই পাশে গম ও ধানের শিষের মালা লোগোটি আনা হয়। লোগোতে পালের ওপরে একটি শাপলা ফুলের ছবি আছে। আর নৌকার নিচে বাংলায় পুলিশ লেখা।