শাবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ১৯ মে , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল (পিএমই) বিভাগের অধ্যাপক শফিকুল ইসলাম হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন। রোববার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন আখালিয়া এলাকায় মাউন্ট এডোরা হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। প্রতিবাদে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
আহত অধ্যাপক শফিকুল ইসলামকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, তিনি নিজ প্রাইভেটকার চালিয়ে নগরীর পাঠানটুলা এলাকার দিকে যাচ্ছিলেন। আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালের কাছে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে তার গাড়ির সামনে চলে আসেন। এ সময় প্রাইভেটকারের সঙ্গে ওই ব্যক্তির মোটরসাইকেলের ধাক্কা লাগে। তখন ওই ব্যক্তি মোটরসাইকেল থেকে নেমে তাকে মারধর করেন।
অবরোধকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষককে মারধরের খবর পেয়ে তারা রাত সাড়ে ৯টার দিকে মাউন্ট এডোরা হাসপাতালের সামনে সিলেট–সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। আধা ঘণ্টা বিক্ষোভ করে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে চলে যান। সেখানে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন।
এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এমতাবস্থায় সেনাবাহিনীর সদস্যরা এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেন।
কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, হামলার সঙ্গে জড়িত ব্যক্তি মো. রাসেলকে রাত দুইটার দিকে আটক করা হয়েছে।