প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১৫ জুলাই , ২০২৫
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ১৫ জুলাই ২০২৫ বিশ্ব যুব দক্ষতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ঢাকাস্থ বিনিয়োগ ভবনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে।ইউনেস্কো-ইউনিভোক ঘোষিত এবারের প্রতিপাদ্য ছিল : “কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবদের ক্ষমতায়ন।”
অনুষ্ঠানে ন্যাশনাল স্কিলস পোর্টাল-এ ‘লাইভ জব অপরচুনিটি’ প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। এ ছাড়া জাতীয় দক্ষতা প্রতিযোগিতা ২০২৫-এর চূড়ান্ত বাছাইয়ে ৯টি স্কিলে ১১ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসের প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খান। আলোচনায় অংশ নেন বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জহুরুল হক এবং ডুয়েটের কম্পিউটার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বলেন, “তরুণরাই আমাদের ভবিষ্যৎ। জনসংখ্যার বড় অংশ এখন তরুণ – এটি এক বিরল সুযোগ। বর্তমান সরকার তরুণদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে।”
তিনি আরও বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের প্রস্তুত করে তুলতে একাডেমিয়া, শিল্প ও দক্ষতা কর্তৃপক্ষকে একত্রে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, “একটি সমন্বিত স্কিলস ইকোসিস্টেম গড়ে তুলতে এনএসডিএ গঠন করা হয়েছে। সরকার, একাডেমিয়া ও শিল্পখাত একত্রে কাজ করলে দক্ষতার বিপ্লব ঘটানো সম্ভব।”
সভাপতির বক্তব্যে এনএসডিএ-এর নির্বাহী চেয়ারম্যান রেহানা পারভীন বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল প্রযুক্তি আমাদের কাজ, শিক্ষা ও জীবনে ব্যাপক প্রভাব ফেলছে। অথচ ২০৩০ সালের মধ্যে ৮৬% প্রতিষ্ঠানে এআই ব্যবহৃত হলেও বিশ্বের ৪৮% শিক্ষার্থী এখনও প্রস্তুত নয়।” তিনি জানান, “এনএসডিএ প্রযুক্তিগত পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়নে উদ্ভাবন ও সংস্কার চালিয়ে যাচ্ছে এবং সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, জাতীয় প্রতিযোগিতার বিজয়ীরা ২০২৬ সালে চীনের সাংহাইয়ে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড স্কিলস’ প্রতিযোগিতায় অংশ নেবে এবং এনএসডিএ তাদের প্রস্তুতিতে প্রয়োজনীয় সহায়তা দেবে।
২০১৪ সালে জাতিসংঘ সাধারণ সভায় ১৫ জুলাইকে ‘বিশ্ব যুব দক্ষতা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। এ দিবসের মূল লক্ষ্য হলো বৈশ্বিক যুবদের দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থান ও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করা।
অনুষ্ঠানে এনএসডিএ-এর সদস্য মো. আব্দুস সামাদ, মিনা মাসুদ উজজামান, শিল্প দক্ষতা পরিষদ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং এনএসডিএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।