ঢাবি প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার , ২৮ অক্টোবর , ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুলেছেন কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবির হাসান। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে তিনি প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দাখিল করেন।
আবির হাসান ২০২৪ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল’ থেকে সদস্য প্রার্থী ছিলেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, গত শনিবার রাতে শাহবাগ চেকপোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় প্রক্টরিয়াল টিমের দুই সদস্য আধা ঘণ্টা ধরে তার মুঠোফোন তল্লাশি করেন।
এ ঘটনায় তিনি বলেন, ‘কাউকে উলঙ্গ করা আর ফোন চেক করা একই কথা। এটি ব্যক্তিগত গোপনীয়তা ও আইনের স্পষ্ট লঙ্ঘন।’
তিনি আরও জানান, ফোন তল্লাশিতে জড়িত সহকারী প্রক্টররা যদি ভুল স্বীকার করে বিবৃতি না দেন, তবে দেশের বিদ্যমান আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘প্রক্টরিয়াল টিম ফোন চেক করেছে—এমন অভিযোগ পাওয়া গেছে। তারা আদৌ ফোন তল্লাশি করতে পারেন কি না, তা যাচাইয়ের জন্য একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।’
তিনি জানান, কমিটিতে দুজন সহকারী প্রক্টর ও অভিযোগকারী পক্ষের একজন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত রয়েছেন।
আবির হাসান বলেন, ‘আমি কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নই, রাজনৈতিক পরিচয়ও নেই। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি শুধু গোপনীয়তার অধিকারের সুরক্ষা চাই।’