জাবি প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার , ২৭ জুন , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের তারিখ আবারও পিছিয়েছে। নতুন তারিখ হিসেবে ১১ সেপ্টেম্বরকে ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় শুরু হওয়া ১০ ঘণ্টার মিটিং শেষে এই তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।
জুলাই হামলায় জড়িত ও মদদদাতা শিক্ষক-শিক্ষার্থীদের বিচারকার্য পূর্বনির্ধারিত রোডম্যাপ (পথ নকশা) অনুযায়ী সম্পন্ন করতে না পারায় নির্বাচনের তারিখ পেছানো হয় বলে জানা গেছে।
মিটিং চলাকালে শিক্ষার্থীরা এই বিচারকাজ শেষ না করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযুক্ত করেন। একপর্যায়ে উপাচার্য বিচারকার্য সম্পন্ন করতে পুনরায় সময় চান। এরপর উপস্থিত প্রশাসনের সবার সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিচার ও জাকসু নির্বাচনের নতুন রোডম্যাপ ঘোষণা করেন।
নতুন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ৩ আগস্টের মধ্যে জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের সাময়িক বহিষ্কৃতদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে, একই দিনে জাকসুর তফসিল ঘোষিত হবে। ৩১ আগস্ট হামলায় মদদদাতা শিক্ষকদের চূড়ান্ত বিচার নিশ্চিত হবে।