ইবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: শনিবার , ১২ এপ্রিল , ২০২৫
অর্থ সংকটের কারণে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডিজিটালাইজেশন কার্যক্রম এগিয়ে নিতে বেগ পাওয়ার কথা বলেছেন উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল সুবিধায় আনতে বড় অংকের অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শনিবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, তারা চেষ্টা করলেও বর্তমান পরিস্থিতিতে এতো টাকার জোগাড় বেশ কষ্টসাধ্য।
“আমরা পিছিয়ে পড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অগ্রগতির জন্য কাজ করছি। আমারা পুরো ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহের জন্য কাজ করে চলেছি। বিশ্ববিদ্যালয়টাকে ডিজিটালাইজেশন করা এই প্রশাসনের অন্যতম উদ্দেশ্য যে জন্য প্রায় সত্তর কোটি টাকার প্রয়োজন। এই মুহূর্তে এতো পরিমাণের খরচ বহন করা প্রশাসনের জন্য বেশ কষ্টসাধ্য।”
শনিবার (১২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল একাডেমিক ভবনের গগণ হরকরা গ্যালারিতে অনুষ্ঠিত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতকোত্তর ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে তিনি একথা বলেন।
বিভাগটির সভাপতি অধ্যাপক আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কলা অনুষদের ডিন অধ্যাপক এমতাজ হোসেন, বিভাগীয় ছাত্র উপদেষ্টা কমিটির আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন, অ্যারাবিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান এবং সদস্য কর্নেল আবদুল মোক্তাদের।
উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম, প্রেস প্রশাসক অধ্যাপক এ কে এম মফিজুল ইসলাম, জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক এ কে এম শামছুল হক ছিদ্দিকীসহ বিভাগের অন্যান্যরা।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বিভাগের অধ্যাপক কামরুল হাসান ও অধ্যাপক রফিকুল ইসলাম। এসময় বিভাগটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক মোহাম্মদ আব্দুস সালাম।