শাবি প্রতিনিধি, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৭ মে , ২০২৫
নিজ ক্যাম্পাসে ছিনইয়ের শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রী।
সোমবার (২৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছিনতাইকারী ওই নারী শিক্ষার্থীর ফোন নিয়ে যায়।
ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বলে জানা গেছে।
ছিনতাইয়ের সময় ওই নারী শিক্ষার্থী চিৎকার করলেও আশেপাশে কোন নিরাপত্তারক্ষী বা কাউকে পাওয়া যায়নি বলে জানা যায়। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে যোগাযোগ করলে ওই এলাকার সিসি ক্যামেরা সচল নেই বলে জানা যায়।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, সকালে আনুমানিক সোয়া ১০টার দিকে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল পেছনের রাস্তা দিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম। এমন সময় শহিদ মিনারের সংলগ্ন এলাকায় আমি একজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখি। এরপরই ওই ছেলে হঠাৎ করে সমানে এসে চিৎকার করবেন না বলে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে শহিদ মিনারের পাশের জঙ্গলের দিকে চলে যায়।
তিনি জানান, আমি এরপর প্রক্টর অফিসে যোগাযোগ করেছি। তারা কয়েকটি সিসি টিভি ফুটেজ চেক করেছেন। তবে ওই এলাকায় কোন সিসি টিভি সচল নেই বলে জানতে পারি। স্যার আমাকে থানায় জিডি করতে বলেছেন। আমি থানায় জিডি করতে যাচ্ছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর বেলাল হোসাইন শিকদার বলেন, সকালে শহিদ মিনার এলাকা দিয়ে যাওয়ার সময় তার ফোন ছিনতাই হয়। আমাকে জানানোর পর তাকে জিডি করতে বলছি। এখন পর্যন্ত অপরাধী শনাক্ত করা যায়নি। পুলিশের সাথে কথা বলে আমরা অপরাধী শনাক্ত করার চেষ্টা করবো।