প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর , ২০২৫
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াতে ইসলামীসহ সাতটি রাজনৈতিক দল।
দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ ও জাতীয় প্রেসক্লাব এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
তিন দিনব্যাপী এই কর্মসূচির প্রথম ধাপ আজ ঢাকায়, দ্বিতীয় ধাপে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিভাগীয় শহরগুলোতে এবং শেষ ধাপে ২৬ সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায় বিক্ষোভ হবে।
সাত দলের ঘোষিত কর্মসূচির মূল দাবিগুলো প্রায় অভিন্ন। এর মধ্যে রয়েছে—
- জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন।
- জাতীয় সংসদে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু।
- অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।
- অতীত সরকারের দমন-নিপীড়ন, দুর্নীতি ও গণহত্যার বিচার দৃশ্যমান করা।
- জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
আজকের কর্মসূচি
জামায়াত ইসলামি : বিকেল সাড়ে চারটায় বায়তুল মোকাররম দক্ষিণ ফটকে সমাবেশের পর মিছিল। মিছিলটি পল্টন মোড়, প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ পর্যন্ত যেতে পারে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ : জোহরের নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ।
বাংলাদেশ খেলাফত মজলিস (মামুনুল হকপন্থি) : আসরের নামাজের পর বায়তুল মোকাররম উত্তর ফটকে মিছিল।
খেলাফত মজলিস : বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ।
বাংলাদেশ খেলাফত আন্দোলন : একই সময়ে প্রেসক্লাব এলাকায় মিছিল।
নেজামে ইসলাম পার্টি : বিকেল ৪টায় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ।
জাগপা : বিকেল সাড়ে চারটায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে কর্মসূচি।
সাত দলের একযোগে বিক্ষোভে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেতাকর্মীদের সমাগমে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে। এতে রাজধানীবাসী দুর্ভোগে পড়তে পারেন। তবে সকালবেলার বিসিএস পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে দলগুলো বিকেল থেকে কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছে।