ইবি প্রতিনিধি প্রকাশিত: বুধবার , ২৯ অক্টোবর , ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পূর্ণাঙ্গ খেলার স্টেডিয়াম ও সুইমিংপুল নির্মাণসহ দুই দাবিতে স্মারকলিপি দিয়েছে আগ্রাসন বিরোধী শিক্ষার্থী জোট। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় ইবি উপাচার্যের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, শাখা বৈবিছাআ’র সাবেক সমন্বয়ক এস. এম. সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবির সৌরভ, গোলাম রাব্বানী, ইমতিয়াজ ইমনসহ আরও অনেকে।
শিক্ষার্থী জোটের দাবিগুলো হলো—
১. বিশ্ববিদ্যালয়ে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম ও সুইমিংপুল নির্মাণে বাজেট বরাদ্দ, যেখানে ফুটবল, ক্রিকেট, সাঁতার ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন আউটডোর খেলার উপযোগী অবকাঠামো থাকবে।
২. জিমনেসিয়াম ও খেলাধুলার জন্য পর্যাপ্ত আধুনিক ক্রীড়া সরঞ্জাম সরবরাহ, যেমন ট্রেডমিল, মাল্টি-জিম সেট, ডাম্বেল, বেঞ্চ প্রেস, যোগম্যাট ইত্যাদি সরবরাহের জন্য আলাদা বাজেট প্রদান।
শাখা বৈবিছাআ’র সাবেক সমন্বয়ক এস. এম. সুইট বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গন। এখানে জ্ঞানচর্চা ও গবেষণার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশও সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু এখনো পর্যাপ্ত ক্রীড়া অবকাঠামো গড়ে ওঠেনি। পূর্ণাঙ্গ স্টেডিয়াম ও আধুনিক জিমনেসিয়াম শিক্ষার্থীদের সুস্থ, প্রতিযোগিতামূলক ও সক্রিয় মনন গঠনে সহায়ক ভূমিকা রাখবে।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “সুইমিংপুল নির্মাণের উদ্যোগ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। স্টেডিয়াম নির্মাণের বিষয়েও আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী অন্যান্য বিষয়েও প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”