প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ৩০ মার্চ , ২০২৫
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে; এক মাস সিয়াম সাধনার পর দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার।
রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে রোজার ঈদের দিন ঘোষণা করে।
ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভায় ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সভাপতিত্ব করেন।
সভা শেষে তিনি কক্সবাজার ও নীলফামারীসহ ১৪ জেলায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য দিয়ে সোমবার ঈদের ঘোষণা দেন।
হিজরি সালের রমজানে এক মাস সিয়াম সাধনার পর শাওয়াল মাসের প্রথম দিনে ঈদুল ফিতর উদ্যাপন করেন মুসলমানরা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সাধারণত বাংলাদেশের এক দিন আগে চাঁদ দেখা যায়। এবার সৌদি আরবে ঈদুল ফিতর হয় রোববার।
এ বছর বাংলাদেশে রোজা শুরু হয়েছে ২ মার্চ। সে হিসাবে রোববার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় রোজা হয় ২৯টি।
অবশ্য সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকটি জেলায় রোববার ঈদুল ফিতর উদ্যাপন করা হয়।