প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ২৫ মার্চ , ২০২৫
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরসহ ছয় নেতার বিরুদ্ধে খুলনায় দুটি মামলা হয়েছে। সোমবার (২৪ মার্চ) রাতে খুলনা সদর থানায় মামলা দুটি রেকর্ড করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার বাদী হয়ে একটি এবং জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ বাদী হয়ে খুলনা সদর থানায় পৃথক মামলা করেন।
মামলার একটিতে নগরের শান্তিধাম মোড়ে ‘পঞ্চবীথি ক্রীড়াচক্র’ ক্লাব দখলমুক্ত করার সময় সংঘর্ষের ঘটনায় মারধর এবং অন্য মামলায় টাকা ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে।
‘পঞ্চবীথি ক্রীড়াচক্র’ ক্লাব দখলমুক্ত করার সময় সংঘর্ষের ঘটনায় মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার। এ মামলায় আসামি চারজন। তারা হলেন- গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক, খুলনা মহানগরের সাধারণ সম্পাদক শেখ রাশিদুল ইসলাম, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মো. জনি ও তাইজুল ইসলাম।
আর টাকা ছিনতাইয়ের মামলাটি করেছেন খুলনা জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ। এ মামলায় জনি, রাশেদসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য দুই আসামি হলেন গণ অধিকার পরিষদের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ (রুবেল) ও হিরোন।
এজাহারে বলা হয়েছে, ২৩ মার্চ বিকেলে নগরের গোলক মনি পার্কের সামনে মাথায় অস্ত্র ঠেকিয়ে ৪ লাখ ৮০ হাজার টাকা ছিনতাই করেন ওই চারজন।