প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: মঙ্গলবার , ১৩ মে , ২০২৫
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ‘আমরণ অনশন’ শুরু করেছেন।
সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় একদল শিক্ষার্থী অনশনে বসেন।
এর আগে রাত পৌনে ৯টায় একই স্থানে সংবাদ সম্মেলন করে তারা অনশনে যাওয়ার ঘোষণা দেন।
দাবি পূরণ না হলে মঙ্গলবার (১৫ মে) দুপুর ২টার পর দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন শিক্ষার্থীরা।
এমন পরিস্থিতির মধ্যেই ফেসবুক গ্রুপ ‘লিংকার্স ইন বরিশাল বিশ্বিদ্যাল’-এ লাইভে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন উপাচার্য ড. শুচিতা শরমিন।
তবে সংবাদ সম্মেলনে তার বক্তব্য প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।
উপাচার্যকে ফেইসবুক লাইভে প্রশ্ন করা হয়, “শিক্ষার্থীরা আপনাকে চায় না। তারপরও আপনি থাকতে চান। এর মাধ্যমে ভালো কিছু আশা করা যায়?”
জবাবে উপাচার্য বলেন, “কোনটা সত্য আর কোনটা প্রভাবিত, সেটা যদি সকলের মধ্যে উপলব্ধি হয় তাহলে সব কিছু সমাধান হয়ে যাবে।”
আন্দোলনে থাকা মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্র সুজয় বিশ্বাস শুভ বলেন, “উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তিনি ক্যাম্পাসে প্রবেশ করতে পারছেন না। গত ২৮ দিন ধরে চলমান আন্দোলনের কোনো পর্যায়েই তিনি শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করেননি। অথচ শেষ মুহূর্তে এসে ফেইসবুক লাইভে আসছেন। আমাদের স্পষ্ট কথা, তার মতন ফ্যাসিস্ট উপাচার্য আমরা চাই না।”
চলমান আন্দোলন প্রসঙ্গে উপাচার্য শুচিতা শরমিন বলেছেন, আন্দোলনটি কতিপয় ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরিচালনা করছেন। শিক্ষার্থীদের তিনি বারবার অনুরোধ করেছেন যেন তারা ভুল পথে না যান এবং আন্দোলন থেকে ফিরে আসেন।