শাবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার , ১২ জুলাই , ২০২৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) দুই দিনব্যাপী আন্তঃবিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে শুক্রবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টায় উৎসবের উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
এর আগে শিক্ষা ভবন ‘এ’-তে গণিত অলিম্পিয়াডের মাধ্যমে উৎসবের কার্যক্রম শুরু হয়। এ উৎসবের আয়োজন করেছে শাবির বিজ্ঞানভিত্তিক সংগঠন ‘সাস্ট সায়েন্স অ্যারেনা’।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “বিজ্ঞান চেতনা বিকশিত হওয়া মানে ভালোভাবে জীবনকে উপলব্ধি করা। শিক্ষার্থীরা এই অলিম্পিয়াড ও আইডিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করবে। তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।”
উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সাদেকুল ইসলাম, পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের প্রভাষক নাজমুল ইসলাম প্রমুখ।
আয়োজকেরা জানান, উৎসবের প্রথম দিন গণিত অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, তিন মিনিট আইডিয়া প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও সায়েন্স স্কোয়াড গেম অনুষ্ঠিত হয়েছে ।
দ্বিতীয় দিন শনিবার (১২ জুলাই) উৎসবে থাকছে লাইফ সায়েন্স অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
সাস্ট সায়েন্স অ্যারেনার সভাপতি সিরাজুল হক আবির বলেন, “দেশের ১৪টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উৎসবে অংশগ্রহণ করেছেন। এই উৎসবের মূল বার্তা হচ্ছে ‘বিজ্ঞান চর্চাকে সব জায়গায় ছড়িয়ে দেওয়া’।”