বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি প্রকাশিত: মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি , ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ইন্টারনেট কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিশ্বদ্যিালয়ের মীর মশাররফ হোসেন হলের পাশ থেকে সোমবার রাত একটায় তাকে উদ্ধার করেন কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত প্রীতম রায়ের (২৩)গ্রামের বাড়ি মাদারীপুরে। তিনি মীর মশাররফ হোসেন হলে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান মাস্টারনেটের কর্মচারী ছিলেন। প্রীতম সাভারের ভাটপাড়া এলাকায় মাস্টারনেটের বাসায় থাকতেন।
ওই হলের কয়েকজন শিক্ষার্থী জানান, ঘটনার রাত ১০টার দিকে প্রীতমসহ চারজন ইন্টারনেট মেরামতের কাজে হলে আসেন। এদের মধ্যে প্রীতম হলের এ-ব্লকের চারতলা ভবনের ছাদে কাজ করছিলেন। কাজ করার সময় প্রীতম ছাদ থেকে পড়ে মারা যেতে পারে বলে তাদের ধারণা।
মাস্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক মো. রুবেল বলেন, রাত ১১ টার দিকে জাবির ওই হলে বাকি যারা কাজ করছিলেন তাদের একজনকে প্রীতম ফোনে জানিয়েছিলেন, তিনি দুটি লেজার মেরামতের কাজ করেছেন। এখনো দুটি লেজারের কাজ বাকি আছে। এরপরে তার আর সাড়া শব্দ না পাওয়ায় খোঁজাখুঁজি শুরু হয়।
প্রীতমের সঙ্গে কাজ করতে হলে আসার আরেক কর্মচারী মো. লিংকন বলেন, ছাদের যে অংশে প্রীতম কাজ করছিল, সে অংশে গিয়ে কল দিলে ভবনের নিচে তার মোবাইলে রিংটোন বাজতে থাকে। পরে তারা নিচে গিয়ে প্রীতমকে মাটিতে পরে থাকতে দেখা যয়।
মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহমুদুর রহমান বলেন, হলের ছাদের চিলেকোঠার অংশের কার্নিশ ধরে ওপরে উঠতে গিয়ে ইন্টারনেট কর্মচারী প্রীতম নিচে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনে কার্নিশের ইট ভাঙা পাওয়া গেছে।