রাবি প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার , ২৬ জুন , ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আবাসিক হলের ছাদ থেকে ‘লাফ দিয়ে’ এক ছাত্র আহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত সোয়া ১১টার দিকে রাবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রথম ব্লকে এ ঘটনা ঘটে।
আহত সাদ আহমেদ নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হলের অপর শিক্ষার্থীরা জানিয়েছেন, সাদ আহমেদ ছাদ থেকে পড়ে যাওয়ার আগে নিজের ফেসবুক টাইমলাইনে প্রেমঘটিত একাধিক পোস্ট দিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
সাদ আহমেদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘. . . তুমি জানতা, তোমাকে আমি কতটা ভালোবাসি। তবু কেন এমন করলে ??...’ আরেকটি পোস্টে তিনি লিখেছেন—‘ভালোবাসি . . .’।
সোহরাওয়ার্দী হলের ছাত্র সাগর চন্দ্র দাস নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি কক্ষে পড়ছিলাম। এমন সময় আমার কক্ষের সামনের দিকে একজন ছাদ থেকে চিৎকার দিয়ে পড়ে গেল, এমন মনে হলো। এসে দেখি, তার পা মাটির ভেতরে চলে গেছে।’
রাবি প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ঘটনা শোনামাত্র অ্যাম্বুলেন্স পাঠিয়ে ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পায়ে ও বুকে গুরুতর আঘাত পেয়েছেন বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন।