প্রতিবেদক, ক্যাম্পাস মিরর প্রকাশিত: রবিবার , ১৮ মে , ২০২৫
ঢাকা সেনানিবাস বা ক্যান্টনমেন্টের আশপাশের কয়েকটি সড়কে সভাসমাবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর শনিবার (১৭ মে) এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।
আইএসপিআর বলেছে, ‘সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে’ রোববার (১৮ মে) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। এর অধীনে থাকবে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শনের মত কর্মসূচি।
নিষেধাজ্ঞার আওতায় থাকা সড়কগুলো হলো-কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর ও তৎসংলগ্ন এলাকা।
এদিকে নিষেধাজ্ঞা জারি নিয়ে আইএসপিআরের বিজ্ঞপ্তির পর ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি) এ নিয়ে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ অনুযায়ী, রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্থানে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে।