ইবি প্রতিনিধি প্রকাশিত: সোমবার , ২১ এপ্রিল , ২০২৫
বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
সোমবার (২১এপ্রিল) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় তারা আইন উপদেষ্টার পদত্যাগের দাবি জানান।
কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘পারভেজ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই’-সহ বিভিন্ন স্লোগান লেখা সংবলিত প্লাকার্ড দেখা যায়।
সমাবেশে বক্তারা বলেন, “আমরা ৫ আগস্টের পর সংঘটিত বিভিন্ন ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড প্রমাণ করে এই দেশে এখনও আওয়ামী দোসররা বিরাজমান। তারা দেশকে অস্থিতিশীল করার যারা পাঁয়তারা করছে। তাদের প্রতিহত করার জন্য ছাত্র সমাজ সবসময় প্রস্তুত। সরকারের কাছে আহ্বান করছি, দ্রুত সময়ের মধ্যে পারভেজ হত্যার বিচার করতে হবে।”
সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী বলেন, “আমরা ২৪ এর আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করতে পারলেও রাষ্ট্রের প্রতিটি স্তরে এখনো তাদের দোসররা বসে আছে। রাষ্ট্রে বসে থাকা এসব ফ্যাসিবাদ থেকে আমরা এখনো মুক্তি পাইনি। ফলে একের পর এক হত্যাকাণ্ড ঘটতেছে।”
সহ-সমন্বয়ক তানভীর মন্ডল বলেন, “আমরা ৫ আগস্টের পর আশা করছিলাম বিচারহীন সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে। কিন্তু দুঃখের বিষয় হলো প্রশাসনের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ দেখছি না। সাধারণ মানুষ এখনো ভয়ের মধ্যে রয়েছে। আমরা পারভেজ হত্যার সাথে জড়িত সকলের গ্রেফতারের দাবি জানাই।”